© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

শেয়ার করুন:
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেইসঙ্গে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সারা দিনই রাজধানীতে আগের দিনের মতো স্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকা ও তৎসংলগ্ন এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সাপ্তাহিক পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সেই সঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এমআই/এসএন

মন্তব্য করুন