শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ (শনিবার)। উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে অন্যতম আয়োজক ভারত। যদিও টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে পেসার হার্ষিত রানাকে হারিয়েছে। তার দুর্ভাগ্যে কপাল খুলেছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজের। দেড় বছর আগে তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।
স্কোয়াডে পরিবর্তন আনার কথা জানিয়ে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা এবং পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ তাকে (রানা) বিশ্বকাপের জন্য আনফিট বলে গণ্য করেছে।’ এর আগে বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। ফলে এক ওভারের বেশি করতে পারেননি, বিনিময়ে দেন ১৬ রান। পরে এক ওভারে দুইবার রানআপ শেষ করতে পারেননি। কিছুক্ষণ পর হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।

ডানহাতি এই পেসারের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার আগে গতকাল ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘হার্ষিত মনে হচ্ছে না ভালো আছে। আজ (গতকাল শুক্রবার) আমরা জানতে পারব। যদি হার্ষিত ছিটকে যায়, আমাদের জন্য সেটা হবে বড় ধাক্কা। আমাদের অন্য কম্বিনেশন খুঁজতে হবে। কিন্তু আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’ পরবর্তীতে সিরাজকে রানার স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয় বিসিসিআই।
অনেকদিন ধরেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভারত জাতীয় দলের বিবেচনায় ছিলেন না সিরাজ। ২০২৪ সালের জুলাইয়ে তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৬ টি-টোয়েন্টিতে ৭.৭৯ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেন অভিজ্ঞ এই তারকা। তবে এই ফরম্যাটে ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতা আছে আইপিএলে, ১৬০ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে ১৮৩ উইকেট। অন্যদিকে, রানা বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটিংয়ে কার্যকর ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি হাফসেঞ্চুরির ইনিংসও আছে তার।
টি-টোয়েন্টি স্কোয়াডে ভারত ব্যাটিং গভীরতাকে প্রাধান্য দিয়ে আসছে। তবে রানার অনুপস্থিতি তাদের হয়তো সেভাবে ভাবাবে না, যদি স্কোয়াডের অন্য ক্রিকেটাররা ফিট থাকেন। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের পাশাপাশি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও আছেন বাড়তি অপশন হিসেবে। বোলিং বিভাগেও শক্তিশালী ভারত, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং পেস বিভাগ এবং বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব সামলাবেন স্পিন বিভাগ। রির্জার্ভ হিসেবে যুক্ত হলেন সিরাজ।
এমআই/এসএন

