গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের!
প্লেব্যাক গান নিয়ে বলিউডে যখন জোর চর্চা, ঠিক সেই সময়েই নিজের ক্ষোভ উগরে দিলেন আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ সাওয়ান্ত। অরিজিৎ সিং সিনেমায় আর গান গাইবেন না এই ঘোষণার পর থেকেই সংগীতমহলে যে আলোড়ন তৈরি হয়েছে, তার রেশ ধরেই সামনে এল অভিজিতের বক্তব্য। তাঁর কথাতেও স্পষ্ট বিরক্তি, প্লেব্যাকের জগৎ নিয়ে দীর্ঘদিনের এক চাপা অসন্তোষ যেন হঠাৎই প্রকাশ্যে এসে পড়ল।
গানের প্রতিযোগিতা থেকে উঠে আসা অভিজিৎ এক সময় দর্শকের বিপুল ভালোবাসা কুড়িয়েছিলেন। পরে মারাঠি সিনেমা ও বিভিন্ন সংগীতচিত্রে কণ্ঠ দিলেও বলিউডে তাঁর পথচলা ততটা মসৃণ ছিল না। সেই অভিজ্ঞতা থেকেই তিনি দাবি করেন, এই শিল্পে গায়কদের এক ধরনের শোষণের মধ্য দিয়েই কাজ করতে হয়। সিনেমার গানের জন্য শিল্পীরা নির্দিষ্ট পারিশ্রমিক পেলেও অধিকাংশ ক্ষেত্রেই স্বত্বের অধিকার পান না। অথচ বিদেশে একটি গান তৈরি করেই শিল্পীরা সারাজীবন তার স্বত্বমূল্য পেয়ে থাকেন এই তুলনাই টেনে এনেছেন তিনি।

শুধু প্রযোজক বা সংস্থার দিকে আঙুল তোলেননি অভিজিৎ, গায়কদের মানসিকতাকেও দায়ী করেছেন তিনি। তাঁর মতে, অনেক শিল্পীই নিজের প্রাপ্য দাবি করতে চান না। বরং সুযোগ হারানোর ভয়ে কম পারিশ্রমিকেই সন্তুষ্ট থাকেন। কারণ একটি কাজ ফিরিয়ে দিলে অন্য কেউ সেটি করে দেবে এই ভয়ই নাকি অনেককে চুপ করে থাকতে বাধ্য করে।
অরিজিৎ সিংয়ের সিদ্ধান্ত যেখানে অনুরাগীদের আবেগে নাড়া দিয়েছে, সেখানে অভিজিৎ সাওয়ান্তের বক্তব্য শিল্পের অন্তরালের অন্য এক বাস্তবতাকে সামনে এনে দিল। আলো ঝলমলে পর্দার আড়ালে সংগীতশিল্পীদের সংগ্রাম, প্রাপ্য না পাওয়া আর আপসের গল্প যেন নতুন করে আলোচনায় উঠে এল।
পিআর/এসএন

