শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
আজ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু এবং বৃদ্ধরা। সন্ধ্যার পর থেকে হাড়কাঁপানো শীতের কারণে মানুষ ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই এই এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এমআর/এসএন

