বাংলাদেশ টাইমস

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ

শেয়ার করুন:
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

আইস্ক্রিন
৫ ফেব্রুয়ারি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘ভাঙন’। মৌসুমী, ফজলুর রহমান বাবু ও প্রাণ রায়ের অভিনয়ে নির্মিত এই ছবির গল্প রেলস্টেশনকেন্দ্রিক দুই প্রান্তিক মানুষের প্রেম ও স্বপ্নের টানাপোড়েন নিয়ে। চুড়ি-ফিতা বিক্রি করা জুলি ও বাঁশিবাদক মোহন গাইনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়, কিন্তু জীবনের ভাঙন তাদের সামনে নতুন বাস্তবতা হাজির করে।



জিওহটস্টার
৬ ফেব্রুয়ারি জিওহটস্টারে মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘দ্য রাজাসাব’। প্রভাস, নিধি আগারওয়াল ও সঞ্জয় দত্ত অভিনীত এই ফ্যান্টাসি-থ্রিলারে অসুস্থ দাদির অনুরোধে দাদাকে খুঁজতে গিয়ে রাজু জড়িয়ে পড়ে ভয়ংকর এক জাদুকরের প্রাসাদে। অমরত্ব ও ধনসম্পদের লোভে অন্ধ কনকরাজুর কবল থেকে বাঁচতে রাজুকে খেলতে হয় বুদ্ধির লড়াই।

প্রাইম ভিডিও
৪ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘রিলেশনশিপ গোলস’। কেলি রোলান্ড, মেথোড ম্যান ও অ্যানি গঞ্জালেস অভিনীত এই ছবিতে নিউইয়র্কের একটি জনপ্রিয় মর্নিং শোকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, পেশাগত প্রতিযোগিতা ও পুরোনো প্রেমের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।



নেটফ্লিক্স
৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ইংরেজি সিরিজ ‘দ্য লিংকন লইয়ার’ সিজন ৪। ম্যানুয়েল গার্সিয়া-রুলফো অভিনীত এই সিজনে আইনজীবী মিকি হ্যালার নিজেই খুনের মামলার আসামি। নিজের নির্দোষ প্রমাণ করতে সে নিজেই নিজের মামলা লড়ার সিদ্ধান্ত নেয়।



এ ছাড়া ৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে এসেছে তথ্যচিত্র ‘কুইন অব চেস’। হাঙ্গেরিয়ান কিংবদন্তি দাবাড়ু জুডিট পোলগারের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এই তথ্যচিত্রে উঠে এসেছে পুরুষপ্রধান দাবার জগতে একজন নারীর অনন্য সাফল্যের গল্প।

এসএন 

মন্তব্য করুন