অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা
ছবির প্রচারে গিয়ে অনুরাগীদের ভিড়ে হঠাৎই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন শাহিদ কপূর। নিজের নতুন ছবির গানমুক্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। মঞ্চের সামনে ছিল উপচে পড়া ভিড়, উচ্ছ্বাসে ভরা অনুরাগীদের উপস্থিতি। কিন্তু সেই উচ্ছ্বাসই মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আচমকা কয়েক জন অনুরাগী মঞ্চে উঠে পড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ায় মাঝ অনুষ্ঠানেই মঞ্চ ছাড়তে বাধ্য হন শাহিদ।
প্রথমে অনেকেই ভেবেছিলেন রাগ করেই অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছেন অভিনেতা। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ফের মঞ্চে ফিরে আসেন তিনি। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুরাগীদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। পরিবেশ শান্ত হলে আবার অনুষ্ঠান স্বাভাবিক ছন্দে ফেরে। তবে এই ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে একাধিক তারকাকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কখনও ছবি প্রচারে, কখনও ব্যক্তিগত মুহূর্তে অতিরিক্ত উচ্ছ্বাসই হয়ে উঠছে সমস্যার কারণ।

শাহিদের এই অভিজ্ঞতা আবারও মনে করিয়ে দিল, তারকাদের কাছে পৌঁছনোর তাড়নায় কখনও কখনও সীমারেখা ভুলে যাচ্ছেন অনুরাগীদের একাংশ। ভালোবাসা আর ভিড়ের উন্মাদনার মাঝখানে নিরাপত্তা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নই ফের সামনে এল।
পিআর/এসএন

