কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’
অন্য যে কোনও বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে একসঙ্গে দেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে। অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এসেছে সুখবরও।
প্রথম সুখবরটি এলো ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের ‘মাস্টার’-এর পক্ষ থেকে। সিনেমাটি আসরের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান।
ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ‘মাস্টার’ টিম।
জয়ের মুহুর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’
সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম-ও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।
জানা গেছে, ‘মাস্টার’ ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার বেশি)। পাশাপাশি, ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকার বেশি টাকা পুরস্কার পেয়েছে ছবিটি।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতা উঠে এসেছে এই সিনেমায়।
পুরস্কার ঘোষণার সময় রটারড্যাম উৎসবের জুরিবোর্ড ‘মাস্টার’ সম্পর্কে তাদের অফিশিয়াল বিবৃতিতে বলেন, ‘এটি একজন ব্যক্তির আদর্শ ধরে রাখার সংগ্রামের এক সর্বজনীন গল্প, যে শেষ পর্যন্ত ক্ষমতা ও পুঁজিবাদের প্রলুব্ধকর ও বিধ্বংসী শক্তির চাপে পিষ্ট হয়। আদর্শ বনাম দুর্নীতির একটি আপাতসহজ-সরল গল্প হিসেবে শুরু হলেও চলচ্চিত্রটি ধীরে ধীরে অত্যন্ত জটিল ও গভীর স্তরে উন্মোচিত হয়। চমৎকার অভিনয় আর প্রাণবন্ত দৃশ্যায়নের মাধ্যমে মূল চরিত্রটি নৈতিক দোলাচলের বিষয়টি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখিয়েছে কীভাবে শেষ পর্যন্ত ক্ষমতার জয় হয়।’
সিনেমায় আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে।
এবি/টিএ
এবি/টিএ

