বাংলাদেশ টাইমস

বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
বছর খানেক আগেই আইনি বিয়ে সেরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। এরপর চলতি মাসের ৬ তারিখ অগ্নিসাক্ষী রেখে সামাজিক রীতিতে সাতপাকে বাঁধা পড়ে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের সূচনা করেন এই তারকা জুটি। বাস্তব জীবনেও একে অপরের হাত ধরে নতুন পথচলা শুরুর পর বিয়ের প্রথা মেনেই আয়োজন করা হয় তাঁদের বৌভাতের অনুষ্ঠান। আর সেই আয়োজনে ধরা পড়ে খাঁটি বাঙালিয়ানার আবহ।

বৌভাতের দিন প্রিয়াঙ্কাকে দেখা যায় একেবারে চিরাচরিত নতুন বধূর সাজে। লেবু হলুদ রঙের শাড়িতে মোড়া অভিনেত্রী, গলায় ভারী হার ও ঝোলা নেকলেস, কানে বড় ঝুমকা, হাতে বালা, শাখা-পলা ও নোয়া, কপালে লাল টিপ আর সিঁথিভরা সিঁদুর- সব মিলিয়ে নববধূর রূপে ছিল অনাড়ম্বর মাধুর্য। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন হলুদ রঙের পাঞ্জাবি, যা বৌভাতের পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।

দুপুরের এই বিশেষ আয়োজনে নববধূর থালায় সাজানো ছিল একের পর এক বাঙালি পদ। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ধোকা, মাছ, চাটনি এবং শেষে পায়েস। একসঙ্গে একই টেবিলে বসে নতুন বর-কনেকে খেতে দেখা যায়, যা উপস্থিত অতিথিদেরও নজর কাড়ে। তবে বৌভাতের প্রথা মেনে প্রিয়াঙ্কার জন্য রাখা হয়েছিল আলাদা আয়োজন- রূপার থালা ও বাটিতে পরিবেশন করা হয় সব পদ।



উল্লেখ্য, শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালে সেই সম্পর্ক প্রকাশ্যে এলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। একপর্যায়ে প্রাক্তনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও আনেন তিনি। সেই অধ্যায় পেরিয়ে নতুনভাবে জীবন শুরু করেন শুভ্রজিতের সঙ্গে।

কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় বাবিলের প্রেমিকার চরিত্রে দেখা গেছে, যদিও তাঁর পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে শুভ্রজিৎকে খুব শিগগিরই একই চ্যানেলের নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ নাটকে দেখা যাবে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত।

এসকে/টিএ

মন্তব্য করুন