বাংলাদেশ টাইমস

দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ

শেয়ার করুন:
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। তবে সূচি অনুযায়ী একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর সাড়ে তিনটায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। শেষ মুহূর্তে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করায় বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় টুর্নামেন্ট নিয়ে আগ্রহ কমে গেছে দেশের মানুষের। ধস নেমেছে জার্সির ব্যবসাতেও। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলেও দেশের খেলা দেখতে টিভি সেটের সামনে বসে থাকেন ক্রিকেট সমর্থকরা। তবে চলতি বছরের বিশ্বকাপ নিয়ে এত চিত্র খুব কমই চোখে পড়েছে। নিজের দল না থাকায় বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমে গেছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান, ক্রিকেটাররাও হয়ত মিস করছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ বলেন, 'সত্যি বলতে যেহেতু বাংলাদেশ নেই, আমার দল যদি না থাকে তাহলে আগ্রহটা (কমে যায়), কমে গেছে। বিশ্বকাপ বড় একটা টুর্নামেন্ট, আমি নিশ্চিত ক্রিকেটাররাও হয়ত মিস করছে। আমি শুনেছি বেশ কয়েক জনের কাছ থেকে এবং কম বেশি সবার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এটা আমাদের হাতে নেই। তবে দিন শেষে এটা একটা মেগা টুর্নামেন্ট এবং সবাই এটার অংশ হতে চায়। কিন্তু যা হওয়ার হয়েছে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় আর্থিকভাবে বড় লোকসানের মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কয়েক দিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর এসেছে, বাংলাদেশকে নিষেধাজ্ঞাও দিতে পারে আইসিসি। টুর্নামেন্ট খেলতে না যেতে পারায় বোর্ডের মতো ক্রিকেটাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা পুষিয়ে দিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের আয়োজন করেছে বিসিবি।



ধুমকেতু, দুর্বার ও দুরন্ত নামের তিনটি দলে ভাগ হয়ে খেলছেন লিটন, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসানরা। বর্তমান ঘটনার প্রেক্ষাপটে বিসিবিকে কী পরামর্শ দেবেন এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, 'আমি শুধু এটুকু বলতে পারি দিনশেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় বিসিবি এ ব্যাপারে উদ্বিগ্ন, তাই তারা ক্রিকেটারদের জন্য বিশেষ এই টুর্নামেন্ট আয়োজন করেছে। দিনশেষে ক্রিকেট, ক্রিকেটাররা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারাই প্রধান স্টেকহোল্ডার।'

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ঘটনার সুত্রপাত হয়েছে মুস্তাফিজকে ঘিরে। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা ছিল বাঁহাতি পেসারের। তবে ভারতীয় জনগণের তোপের মুখে বাংলাদেশের তারকা পেসারকে বাদ দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ পড়লেও একেবারে নির্ভার মুস্তাফিজ। মাহমুদউল্লাহ মনে করেন, দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, 'মুস্তাফিজ খুবই নির্ভার। এই জিনিসগুলো নিয়ে মন্তব্য করা কঠিন যেহেতু এর সাথে অনেক রাজনৈতিক বিষয় জড়িত। কিন্তু আমি যেটা বললাম যা হওয়ার হয়েছে, এখন কিছু করার নেই। দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে। আর এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত, তাই এটা ঠিক আছে।'

এসকে/টিএ

মন্তব্য করুন