জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০১:৫৯ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে।
দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেওয়া হয়।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছে। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করত না।
জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি।
তিনি একটাই ভুল করেছিলেন। শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে।
এসময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াত, খেলাফত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টিজে/টিএ