© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ

শেয়ার করুন:
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, সারা পৃথিবী জানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। সেই জায়গায় আরেক জনকে জিয়াউর রহমানের ওপরে স্থান দেওয়ার চেষ্টা করা এটি জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ। জামায়াতে ইসলামী থেকে নয়, আমরা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে স্বাধীনতার কথা শুনতে চাই। সুতরাং এ ধরনের কথা জনগণ গ্রহণ করবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ৪ দিন পরে নির্বাচন হতে যাচ্ছে। এটি আমার জন্য দশম নির্বাচন। অতীতের ৩টি নির্বাচনে ভোট দিতে পারিনি। বাসার মধ্যে গৃহবন্দি ছিলাম। তবে এবারের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে হচ্ছে। কেউ নির্বাচনী আইনশৃঙ্খলা ভঙ্গ করেনি। আমরা মনে করি, এই নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। কারণ বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতাবিরোধী দলকে ভোট দিতে পারে না।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে সারা দেশ যখন বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের জন্য অস্থির ছিল, সারা দেশের তরুণ ছাত্র সমাজ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, ওই সময় তারা (জামায়াতে ইসলামী) পাক বাহিনীর দোসর ছিল। এটি বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে এত তাড়াতাড়ি মুছে যাবে না। এ কারণে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নেবে না। অতীতে ১৮টি পেয়েছে। এবার হয়ত তারা বেশি পাবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা বিপুলসংখ্যক আসন পাওয়া কখনই সম্ভব নয়।

বিএনপির এ প্রবীণ নেতা বলেন, ১৮ কোটি মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কখনোই নির্বাচনকে বিঘ্ন ঘটাতে পারবে না। জনগণের রায় নিয়ে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে তারা (জামায়াতে ইসলামী) ১০ থেকে ২০ আসন পেতে পারে।



ইউটি/টিএ

মন্তব্য করুন