ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’
ছবি: সংগৃহীত
০৭:০১ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আনীত পাড্ডা ও আহান পান্ডে অভিনীত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ আবারও প্রেক্ষাগৃহে ফিরছে। ভালোবাসা দিবসের ঠিক আগে ছবিটির পুনর্মুক্তির ঘোষণা সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শকরা। মুক্তির সময় এই জুটির রসায়ন ও ছবির আবেগঘন আবহ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। তাই বিশেষ এই সময়ে ‘সাইয়ারা’ ফের প্রেক্ষাগৃহে আসায় নস্টালজিয়ার রোমান্টিক যাত্রায় মেতে ওঠার সুযোগ পাচ্ছেন অনুরাগীরা।

প্রেমের গল্প, আবেগ আর সংগীতের মেলবন্ধনে তৈরি ‘সাইয়ারা’ তরুণ দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিল। আনীত ও আহানের অনস্ক্রিন উপস্থিতি, একে অপরের সঙ্গে সাবলীল অভিনয় এবং ছবির হৃদয়ছোঁয়া পরিবেশ নতুন করে আলোচনায় এসেছে এই পুনর্মুক্তির খবরে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ছবিটি ফের দেখার সুযোগ পাওয়ায় অনেকেই এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। প্রেক্ষাগৃহে প্রেমের গল্প উপভোগ করতে আগ্রহী দর্শকদের জন্য এই পুনর্মুক্তি যে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই যায়।
ইউটি/টিএ