রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত
০৮:৩৭ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ৮৭৩টি ভোটকেন্দ্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২১টি ও আট উপজেলায় ৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্রে পাওয়া তথ্য মতে, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১টি, গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জ উপজেলায় ৭টি, বদরগঞ্জ উপজেলায় ৮টি, মিঠাপুকুর উপজেলায় ৯টি, পীরগঞ্জ উপজেলায় ২৯টি, পীরগাছা উপজেলায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
অপরদিকে, রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা এলাকায় ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট থানা এলাকায় ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ থানা এলাকায় ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম থানা এলাকায় ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানা এলাকায় ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভোটার সংখ্যা বেশি, ইতোপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি সংলগ্ন কেন্দ্র, দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানিয়েছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৩টি আসনের আংশিক অংশে নির্বাচনী দায়িত্বে থাকবে মেট্রোপলিটন পুলিশ। এসব স্থানের ২০৪টি কেন্দ্রে দায়িত্ব পালনসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।
আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩টি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কাজ করে জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে।
রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি, রংপুর-২ আসনে ভোটকেন্দ্র ১৩৭টি, রংপুর-৩ আসনে ভোটকেন্দ্র ১৬৯টি, রংপুর-৪ আসনে ভোটকেন্দ্র ১৬৩টি, রংপুর-৫ আসনে ভোটকেন্দ্র ১৫২টি এবং রংপুর-৬ আসনে ভোটকেন্দ্র ১১৩টিসহ মোট কেন্দ্র ৮৭৩টি।
এর মধ্যে রংপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন, রংপুর-২ আসনে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন, রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪ জন, রংপুর-৪ আসনে ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন, রংপুর-৫ আসনে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন এবং রংপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জনসহ জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এরমধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।
এদিকে, নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। তিস্তাপাড়ের ভাওয়াইয়া-কারুপণ্য-হাঁড়িভাঙাখ্যাত রংপুরে এবার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ ৬টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী ৪৪ জন।
আরআই/টিকে