সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা!
ছবি: সংগৃহীত
১০:০২ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের শুরুর দিনগুলোতে যখন তারকারা ব্যক্তিগত সম্পর্ক আড়ালেই রাখতে স্বচ্ছন্দ ছিলেন, ঠিক সেই সময়েই ব্যতিক্রমী ছিলেন অমৃতা সিং। স্পষ্টভাষী স্বভাব আর নিজস্ব সিদ্ধান্তে চলার জন্য বরাবরই পরিচিত এই অভিনেত্রীর প্রেমজীবনের একটি অধ্যায় আজও আলোচনায় ফিরে আসে সানি দেওলের সঙ্গে তাঁর সেই স্বল্পস্থায়ী সম্পর্ক।
একটি জনপ্রিয় ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সানি দেওলের, আর সেই ছবিতেই তাঁর সহঅভিনেত্রী ছিলেন অমৃতা। শুটিং চলাকালীন দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিজুড়ে। তখন অনেকেই জানতেন না, অভিনয়ে পা রাখার আগেই লন্ডনে প্রেম করে বিয়ে সেরে ফেলেছিলেন সানি। নিজের সেই বৈবাহিক জীবনের কথা প্রকাশ্যে আনেননি তিনি, আর অমৃতাও প্রথমদিকে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলেই শোনা যায়।

সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই সত্যিটা সামনে আসে অমৃতার কাছে। জানা যায়, সানির সংসার রয়েছে, স্ত্রী রয়েছেন দূরে। এই তথ্য জানার পরই অমৃতা সরে আসার সিদ্ধান্ত নেন। তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, অন্য কারও দাম্পত্যে ভাঙন ধরানোর মতো অবস্থানে নিজেকে দেখতে চাননি তিনি। তাই আবেগের টান থাকলেও কয়েক মাসের মধ্যেই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী।
পরবর্তীতে অমৃতার জীবনে আসে নতুন অধ্যায়। বয়সে ছোট সাইফ আলি খানের সঙ্গে সংসার শুরু করেন তিনি। বহু বছর একসঙ্গে পথ চলার পর সেই সম্পর্কেও ইতি টানে সময়। তবে জীবনের ওঠাপড়ার মাঝেও অমৃতা দ্বিতীয়বার বিয়ের পথে হাঁটেননি। দুই সন্তানকে ঘিরেই গড়ে তোলেন নিজের জগৎ, যেখানে অতীতের প্রেম আর বিচ্ছেদের স্মৃতি থাকলেও রয়েছে আত্মমর্যাদা আর নিজের সিদ্ধান্তে অবিচল থাকার দৃঢ়তা।
পিআর/এসএন