© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
আশুলিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম রবিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন।
 
পুলিশ জানিয়েছে,  রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা করারও অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি পতিত স্বৈরাচারের আমলে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ও অস্ত্রের মহড়া দিয়ে বিভিন্ন নিরীহ মানুষের জায়গা জমি দখল করেছেন। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে জমি দখল,  ধর্ষণ, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছেন। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, ‘সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে এই যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন