বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’, অন্তঃসত্ত্বা বান্ধবী জেন্ডায়া!
ছবি: সংগৃহীত
০৩:০৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
রুপোলি পর্দার জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেন্ডায়াকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে, মা হতে চলেছেন জেন্ডায়া, আর সেই কারণেই নাকি শিগগিরই বিয়ের পথে হাঁটতে পারেন এই তারকা যুগল। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় আলোচনা আর কৌতূহলের ঢেউ।
তবে বিষয়টি যতটা রোমাঞ্চকর শোনাচ্ছে, বাস্তব ছবিটা ততটা স্পষ্ট নয়। যে পাতা থেকে এই খবর ছড়িয়েছে, সেটি আসলে একটি ব্যঙ্গধর্মী পাতা, কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যার যোগ নেই। ফলে জল্পনার পাশাপাশি তৈরি হয়েছে ধন্দও। এর আগেও জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল, তখন তাঁর পরিবার সংবাদমাধ্যমকে সতর্ক হয়ে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছিল।

তবুও কৌতূহল থামছে না। সম্প্রতি জেন্ডায়াকে ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ায় অনেকেই নতুন করে সন্দেহ প্রকাশ করছেন। সাধারণত অন্তঃসত্ত্বা অবস্থায় নারীরা এমন পোশাক পরেন বলেই এই ধারণা আরও জোর পাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত টম বা জেন্ডায়া কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, আর সেই নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
এর মধ্যেই জানা যাচ্ছে, তাঁদের বাগদান আগেই সম্পন্ন হয়েছে, তবে বিয়ের দিনক্ষণ এখনও নির্ধারিত নয়। দু’জনেই কাজের ব্যস্ততায় ডুবে থাকায় আপাতত সংসারের পরিকল্পনা পিছিয়ে রেখেছেন। জেন্ডায়া এই মুহূর্তে একাধিক ছবির কাজে ব্যস্ত, নতুন রোম্যান্টিক গল্প থেকে বড় বাজেটের ধারাবাহিক সব মিলিয়ে তাঁর সময়সূচি ভীষণ ঠাসা। অন্যদিকে টমও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাই ভক্তদের আগ্রহ যতই বাড়ুক, তারকা যুগলের পক্ষ থেকে এখনও মিলছে না স্পষ্ট কোনও উত্তর।
পিআর/এসএন