জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
০৩:১৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রত্যাশিত জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। আজ রোববার নিজেদের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ৫ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তানকে। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ১৩ বল হাতে আগে ৫ উইকেট হারিয়েই ১৮৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল। অথচ, প্রথমে ব্যাট করে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। বিশেষ করে গুলবাদিন নাইবের ব্যাটে ঝলক আর শেষভাগের দ্রুত রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মিশনের শুরুতেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিল তারা।
টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতে রানের গতি ছিল নিয়ন্ত্রিত। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম পাঁচ ওভারে যোগ করেন ৩৫ রান। তবে লকি ফার্গুসনের টানা দুই আঘাতে দ্রুত ছন্দ হারায় আফগানরা। জাদরান ১০ ও গুরবাজ ২৭ রানে ফিরে গেলে চাপ বাড়ে।

ঠিক তখনই দায়িত্ব নেন গুলবাদিন নাইব। সেদিকউল্লাহ আতালের সঙ্গে গড়ে তোলেন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ইনিংসের গতি পুরোপুরি বদলে দেয়। আতাল ২৯ রান করে বিদায় নিলেও নাইব থামেননি। দারবিশ রাসুলির সঙ্গে আরও ৩৩ রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।
১৮তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন নাইব। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং প্রদর্শনী। পরের ওভারেই ম্যাট হেনরির বলে ফিরে যান রাসুলি (২০)।
শেষদিকে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচের রং আরও গাঢ় করে। মাত্র ১১ বলে ১৮ রান তুলে আফগানিস্তানকে পৌঁছে দেন ১৮২ রানে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।
এসএস/এসএন