© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

শেয়ার করুন:
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা তিন দিন সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মোটরসাইকেলের পাশাপাশি সাধারণ যানবাহন চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ভোটের দিন ২৪ ঘণ্টা সারাদেশে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিশেষ করে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচনের দিন সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এই নিষেধাজ্ঞা নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন