নেটফ্লিক্সে লাইভ দেখা যাবে বিটিএসের প্রতীক্ষিত প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বসংগীতের আলোচনায় ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সাত সদস্যের এই দলটি তাদের নতুন অ্যালবাম প্রকাশকে ঘিরে বড় পরিসরের একটি লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স।
আগামী ২০ মার্চ প্রকাশ পেতে যাচ্ছে বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’। অ্যালবাম প্রকাশের পরদিন, অর্থাৎ ২১ মার্চ, সিউলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কয়ারে স্থানীয় সময় রাত ৮টায় আয়োজন করা হবে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিটিএস কামব্যাক লাইভ : আরিরাং’।
এই অনুষ্ঠানে নতুন অ্যালবামের গান প্রথমবারের মতো সরাসরি পরিবেশন করবে দলটি।
নেটফ্লিক্স জানিয়েছে, বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে এই অনুষ্ঠান দেখা যাবে। এর আগে ২০২২ সালের জুন মাসে বিটিএস প্রকাশ করেছিল তাদের অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’। সেই সময়ের পর প্রায় তিন বছর ৯ মাস পর নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছে দলটি।
যদিও চলতি বছরের শুরুতেই ‘আরিরাং’ অ্যালবামের ঘোষণা দিয়েছিল বিটিএস।

দলটির মিউজিক এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘আরিরাং’ অ্যালবামটি বিটিএস সদস্যদের শিকড়, পরিচয় এবং অনুভূতির প্রতিফলন। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’-এর নাম থেকেই অনুপ্রাণিত হয়ে অ্যালবামের শিরোনাম রাখা হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে ‘আরিরাং’ শুধু একটি গান নয়, বরং আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক।
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান কোরিয়ানদের জীবনের নানা মুহূর্তে জায়গা করে নিয়েছে।
এদিকে বিটিএসকে ঘিরে নেটফ্লিক্সের পরিকল্পনা এখানেই শেষ নয়। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে তাদের নতুন প্রামাণ্যচিত্র ‘বিটিএস : দ্য রিটার্ন’, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্য প্রস্তুতি ও সংগীতযাত্রার নানা গল্প উঠে আসবে।
নতুন অ্যালবামের পর আগামী এপ্রিল থেকে বিটিএস শুরু করতে যাচ্ছে বিশ্ব সফর। আগামী বছরের মার্চ পর্যন্ত চলা এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল তাদের শেষ ট্যুর। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘ সময় দলগতভাবে মঞ্চে দেখা যায়নি বিটিএসকে। প্রশিক্ষণ শেষে সব সদস্য ফেরার পরই আবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে জনপ্রিয় এই ব্যান্ডটি।
সূত্র : ডেইল ডিসকোভার
এসকে/টিএ