স্কটল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপে এসেছি: ইতালি অধিনায়ক
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছে ইতালি। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম ম্যাচ। অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের সামনে স্কটল্যান্ড। স্কটিশদের হারিয়েই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি।
ইতালির বড় ভরসা সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেজে স্মিট। অভিজ্ঞতার পাশাপাশি ব্যাটে বড় শট মারার সামর্থ্য রয়েছে তার। বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের পর এসেছেন বেন মানেন্তি। তার ইকোনমি ছয়ের নিচে। ভাই হ্যারি মানেন্তি দ্রুত রান তুলতে পারেন। ওপেনিংয়ে রয়েছেন মস্কা ভ্রাতৃদ্বয়। অধিনায়ক ওয়েন ম্যাডসেন বয়স ৪২ হলেও অভিজ্ঞতায় দলের মূল ভরসা তিনিই।

ম্যাচের আগের দিন ম্যাডসেন জানান, আবেগের সময় শেষ। এখন লক্ষ্য মাঠের লড়াই। ইউরোপ কোয়ালিফায়ারে এই স্কটল্যান্ডকেই হারিয়েছে ইতালি।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও সম্ভাবনার ঝলক দেখিয়েছে স্কটল্যান্ড। সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ আছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন ম্যাচ, দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ তাদের সামনে। ইডেন গার্ডেন্সের কন্ডিশনও চেনা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডই কাগজে-কলমে এগিয়ে। তবে অভিষেক ম্যাচকে স্মরণীয় করতে মরিয়া ইতালি।
ইতালির সম্ভাব্য একাদশ: অ্যান্থনি মস্কা, জাস্টিন মস্কা, জেজে স্মিট, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, বেন মানেন্তি, জিয়ান-পিয়েরো মিয়াডে (উইকেটকিপার), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জাসপ্রিত সিং, ক্রিশান কালুগামাগে ও আলি হাসান।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্জ মানজি, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), মার্ক ওয়াট, মাইকেল লিস্ক, অলিভার ডেভিডসন, সাফইয়ান শরিফ ও ব্র্যাড কারি।
আইকে/টিএ