© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের প্রশংসায় পঞ্চমুখ মোহন ভাগবত

শেয়ার করুন:
সালমানের প্রশংসায় পঞ্চমুখ মোহন ভাগবত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিতি, আর সেই উপস্থিতিকে ঘিরেই শুরু হলো জোর আলোচনা। দীর্ঘদিন ধরেই নানা সামাজিক বার্তা আর মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত সালমান খান এবার দেখা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক সভায়। সঙ্গে সঙ্গেই এই উপস্থিতি ঘিরে বিনোদন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।

দুই দিনের আলোচনা সভায় তাঁর আগমন ছিল কড়া নিরাপত্তার মধ্যে। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বহু তরুণের কাছে ফ্যাশন ও জীবনযাপনের অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই তারকাকে মঞ্চে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। সেই আবহেই সংঘপ্রধান মোহন ভাগবত প্রকাশ্যে তাঁর প্রশংসা করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তরুণরা সালমানের পোশাক ও ভঙ্গিমা অনুসরণ করে, তাই সামাজিক মূল্যবোধকেও যদি তিনি একইভাবে জনপ্রিয় করে তোলেন, তবে তা সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমা মালিনী ও রণবীর কাপুর। পুরো আয়োজনজুড়েই ছিল তারকাদের উপস্থিতি আর বক্তব্যের মিশ্রণ। মোহন ভাগবত তাঁর বক্তৃতায় সংঘের কাজের ধরণ ও বিস্তৃতি নিয়েও কথা বলেন। দেশের ভেতর থেকে বিদেশ পর্যন্ত বিভিন্ন প্রান্তের মানুষ এই কার্যক্রম দেখতে আসেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এই উদ্যোগ মানুষের জন্য এবং বিরোধিতা নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যেই পরিচালিত।

তবে এই উপস্থিতি ঘিরে বিনোদন জগতের উচ্ছ্বাসের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। একাধিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে এই আমন্ত্রণের উদ্দেশ্য নিয়ে। যদিও এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি সালমান খান বা সংঘ কর্তৃপক্ষ। ফলে আলোচনার রেশ আরও দীর্ঘ হয়েছে, আর বিনোদন অঙ্গনের একটি উপস্থিতিই যেন হয়ে উঠেছে বিস্তৃত আলোচনার কেন্দ্রবিন্দু।

পিআর/এসএন

মন্তব্য করুন