© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাহোরে ত্রিপক্ষীয় বৈঠক, নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল

শেয়ার করুন:
লাহোরে ত্রিপক্ষীয় বৈঠক, নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বাদ পড়ার পর তৈরি হওয়া জটিলতা এখন ছুঁয়ে গেছে ভারত–পাকিস্তান ম্যাচকেও। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বাংলাদেশের বিদায়ের প্রতিবাদে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবি। এতে সূচি ও সম্প্রচার—দুই দিক থেকেই চাপে পড়ে আইসিসি। অচলাবস্থা কাটাতে গতকাল লাহোরে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসির প্রতিনিধিরা।

বৈঠকে মূল আলোচ্য ছিল ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন নিশ্চিত করা এবং বাংলাদেশ ইস্যুর সমাধান খোঁজা। আইসিসি পাকিস্তানকে নির্ধারিত ম্যাচ খেলতে অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইসিসি। সংকট নিরসনে বিসিবি ও আইসিসির মধ্যে একটি সমঝোতা সূত্রও প্রস্তুত করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করেছে পিসিবি।

আলোচনায় ক্ষতিপূরণ প্রসঙ্গও গুরুত্ব পেয়েছে। বিশ্বকাপের লভ্যাংশ থেকে অংশীদারত্বের পাশাপাশি ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে বাংলাদেশকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

এদিকে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়েই সবার জন্য গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।

পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বিকেলেই আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আবার বৈঠকে বসতে পারেন। সেই সঙ্গে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ আদৌ মাঠে গড়াবে কি না, সে সিদ্ধান্তও দ্রুত জানানো হতে পারে। এখন নজর ক্রিকেট বিশ্বে—সমাধান আসে, নাকি জটিলতা আরও বাড়ে।

এসএন 

মন্তব্য করুন