ভারতের কাছে হারের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে ট্রাম্পের পোস্ট
ছবি: সংগৃহীত
১২:২২ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারার ২৪ ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুভ কামনা পেল তারা, যা নিশ্চিতভাবে পাকিস্তান ম্যাচে তাদের অনুপ্রাণিত করবে।
টিম ইউএসএ-র জন্য পূর্ণ সমর্থন জানিয়ে গতকাল (রোববার) সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট, ‘আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়োধ্বনি দিচ্ছে।’

এই পোস্ট দেওয়া হয় গতকাল রাত ৯টা ১২ মিনিটে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে আমেরিকার ২৯ রানে হারের একদিন পর। ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রের স্কোয়াডের একটি ছবিও ছিল, যেখানে তিন হাজার লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে ৬০০ বার।
এই পোস্ট আলোচিত হওয়ার কারণ সময়টা। যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপ ম্যাচ খেলল, সেটা এত দেরিতে কেন জানলেন ট্রাম্প, এই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা।
যুক্তরাষ্ট্র হারলেও দারুণ বোলিং নৈপুণ্য দেখায়। ৭৭ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্তু সূর্যকুমার যাদব ম্যাচ বের করে নেন। তারপর বোলাররা জয়ের আনুষ্ঠানিকতা সারেন। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
আরআই/এসএন