© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 
 
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে রয়েছে। তাদের উপস্থিতিতে অনলাইন অনুষ্ঠানে যুক্ত হবেন উপদেষ্টা ও সচিব। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পাল্টা শুল্ক কমতে পারে।  
 
চুক্তি সই অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি দল গতকাল ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ছেড়েছে। অন্য চারজনের মধ্যে রয়েছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।
 
চুক্তিতে স্বাক্ষর থাকবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ারের। ঢাকায় এ চুক্তির এক পাশে বাণিজ্য উপদেষ্টা সই করেছেন। তার সই করা কপিটি বাংলাদেশের দলটি ওয়াশিংটনে নিয়ে গেছে।
 
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।
 
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। তবে আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় জনসম্মুখে তুলে ধরা হবে। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

কেএন/এসএন

মন্তব্য করুন