‘কৃষ ৪’-এ প্রধান নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৩ বছর পর ফিরছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ সিক্যুয়াল ‘কৃষ ৪’। নতুন এ সিনেমাতে আগের মতো প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ইন’-এর প্রতিবেদন থেকে জানা যায়, এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা ‘বারাণসী’র পর সম্প্রতি বলিউডের ‘কৃষ ৪’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। যদিও নতুন সিনেমা প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।
এদিকে শোনা যাচ্ছে, শুধু ‘কৃষ ৪’ নয়, ‘ডন ৩’-এ প্রধান নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দুই সিনেমা প্রসঙ্গে নায়িকার কাছে জানতে চাওয়া হলে প্রিয়াঙ্কা বলেন,

আমি জানি না, এই দুটো বিষয় নিয়ে আদৌ কথা বলা উচিত কি না। তবে হ্যাঁ, ৬ বছর পর ভারতে‘বারানসী’সিনেমাই আমার প্রথম কাজ। ফিরে আসাটা দারুণ লাগছে। এটা আমার জীবনের এক ‘রোমাঞ্চকর অধ্যায়’।
প্রিয়াঙ্কা আরও বলেন,
আসলে কোনো সিনেমায় অভিনয় করাটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। সেগুলো মিলে গেলেই নিশ্চিত হওয়া যায় সিনেমাটি করা যাবে কি না। আমি এটুকু বলতে পারি, শক্তিশালী গল্প ও চরিত্র পেলে পুরনো কোনও চরিত্র বা ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আমার কোনো আপত্তি নেই।
অতীতে বলিউড রাজনীতির শিকার হয়েছিলেন মিস ওয়ার্ল্ড বিজয়ী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নায়িকাকে নিয়ে কেউ সিনেমা নির্মাণ করতে চাইলেই পরিচালকদের ‘নট টু সাইন’ করার জন্য স্পষ্টভাবে নির্দেশ দেয়া হয়েছিল। তাই বলিউড ছেড়ে হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করেন প্রিয়াঙ্কা।
এখন হলিউড মাটিতে শক্ত অবস্থানের পর ধীরে ধীরে বলিউডের পুরনো রাজত্বও ফিরে পেতে চলেছেন এ বিশ্ব সুন্দরী। শোনা যাচ্ছে, ২০২৭ সালের দেওয়ালিতে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘কৃষ ৪’।
পিআর/এসএন