খুদে ভক্তের চিপস না খাওয়ায় অনুরোধ ফিরিয়ে সমালোচনার মুখে যীশু
ছবি: সংগৃহীত
০২:৩৬ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
এক খুদে ভক্তের চিপস খাওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাথায় টুপি, চোখে সানগ্লাস ও গায়ে জার্সি পরা অবস্থায় একটি মাঠে প্রবেশ করছিলেন যীশু। সেখানে দাঁড়িয়ে থাকা এক খুদে ভক্ত প্রথমে যীশুর সঙ্গে হাত মেলায় এবং পরে নিজের হাতে থাকা চিপসের প্যাকেটটি অভিনেতার দিকে বাড়িয়ে দেয়।

ছেলেটি বারবার অনুরোধ করে একটি চিপস খাওয়ার জন্য বললেও যীশু তা গ্রহণ করেননি। ভিডিওতে ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একটা খেলে কিছু হবে না’। যীশু শিশুটির কাঁধে হাত দিয়ে তাকে কিছু একটা বুঝিয়ে সেখান থেকে চলে যান।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এত হাবভাব কবে থেকে হলো?’ আবার অনেকে লিখেছেন, ‘সাধারণ মানুষের আবেগ তারা বোঝেন না।’ তবে অনেক নেটিজেন আবার যীশুর পক্ষ নিয়ে বলেছেন, সেই মুহূর্তে অভিনেতার কিছু খাওয়ার ইচ্ছে নাও থাকতে পারে এবং নিরাপত্তা বা স্বাস্থ্যগত কারণেও তিনি চিপসটি না খেতে পারেন।
ব্যক্তিগত জীবনেও যীশু বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন। স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে নীলাঞ্জনার সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টের পর। বর্তমানে যীশু শুধু টালিউড নয়, বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমাতেও দাপটের সঙ্গে কাজ করছেন। অক্ষয় কুমারের সঙ্গে তার ‘ভূত বাংলা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
কেএন/এসএন