© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাইয়ুমের বিরুদ্ধে আপিল বিভাগে নাহিদ, শুনানি হতে পারে আজ

শেয়ার করুন:
কাইয়ুমের বিরুদ্ধে আপিল বিভাগে নাহিদ, শুনানি হতে পারে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত রয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। পরে ৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম আপিল বিভাগে আবেদন দায়ের করেন। নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন- সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী জহিরুল ইসলাম মুসা। রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ উপস্থিত ছিলেন। অন্যদিকে এম এ কাইয়ুমের পক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২ ফেব্রুয়ারি রিট দায়েরের পর আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক। তিনি তার হলফনামায় এ তথ্য গোপন করেছেন, যা পরবর্তীতে প্রকাশ পায়। এসব বিষয় সামনে এনে নাহিদ ইসলাম রিট করেন।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য নির্বাচনের জন্য অযোগ্য। দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উল্লেখ করেই রিটটি দায়ের করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

ইউটি/টিএ

মন্তব্য করুন