সহজে পাইনি এই দায়িত্ব, বললেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়
ছবি: সংগৃহীত
০৯:১০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
লড়াই করেই এই পদ পেয়েছেন এমন মন্তব্য করে মুখ খুললেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জয় পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। গত বছর এই পদে ছিলেন সোহন বন্দ্যোপাধ্যায়, এবার সেই জায়গায় নির্বাচিত হয়েছেন বাসবদত্তা।

রবিবার অনুষ্ঠিত ফোরামের নির্বাচনে সদস্যপদে সামান্য কিছু রদবদল দেখা গেছে। আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর বাসবদত্তা জানান, এই অবস্থানে পৌঁছাতে তাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। তার ভাষ্য, সহজে এই দায়িত্ব হাতে আসেনি।
গত দুই বছর ধরে ফোরামের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ প্রায় অপরিবর্তিত রয়েছে। সভাপতি হিসেবে আছেন রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি পদে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক হিসেবেও বহাল রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে ফোরামে ফিরেছেন দেবদূত ঘোষ। তিনি এবং আবীর চট্টোপাধ্যায় সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তবে এ বছর কোনো পদে নেই জিৎ, দেব কিংবা রাজ চক্রবর্তীসহ টলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা।

বাসবদত্তা জানান, এই প্রথমবার নির্বাচনের মাধ্যমে তিনি কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেলেন, তাই বিষয়টি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। ভোট গণনা শেষ হয় সোমবার ভোর সাড়ে তিনটার দিকে। তিনি বলেন, সাদা কাপড়ের ঘেরাটোপে রাতভর গণনা চলেছে, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো বড় জাতীয় নির্বাচনের পরিবেশ। এই দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করবেন ছোট পর্দার অভিনেতা দিগন্ত বাগচী।
নতুন পদে এসে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন বাসবদত্তা। শিল্পীদের জন্য চিকিৎসা বীমা সুবিধা আবার চালু করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি সংগঠনের প্রবীণ সদস্যদের সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নিতে চান তিনি। এ বছর সহসভাপতি পদে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায় ও ভরত কল। কার্যকরী কমিটিতেও যুক্ত হয়েছেন একাধিক পরিচিত মুখ।
এমকে/টিকে