© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং সেটে একের পর এক অস্বাভাবিক ঘটনা, আলোচনায় ‘কালরাত্রি’

শেয়ার করুন:
শুটিং সেটে একের পর এক অস্বাভাবিক ঘটনা, আলোচনায় ‘কালরাত্রি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
শুটিং চলাকালীন হঠাৎ যন্ত্র ভেঙে যাওয়া, আবার কখনও কেউ অসুস্থ হয়ে পড়া—একাধিক অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছে পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবি ‘কালরাত্রি’র টিম। এসব ঘটনা ঘিরে চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, কেউ কেউ প্রশ্ন তুলছেন, অভিনেতাদের জীবনে কি তবে সত্যিই নেমে আসছে ‘কালরাত্রি’? একই সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন চরিত্রের প্রথম রূপও।

রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পে বরাবরই আগ্রহী অভিরূপ ঘোষ। তার আগের কাজগুলোতেও এই ধারা স্পষ্ট ছিল। এবার মনোজ সেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কালরাত্রি’। গল্পের পটভূমি ১৯৫০ সালের এক গ্রামীণ জমিদারবাড়ি, যেখানে অশরীরীর ছায়ায় আতঙ্কিত গ্রামবাসী। প্রায় প্রতিদিনই খুন হচ্ছেন কেউ না কেউ, রক্তশূন্য দেহ মিলছে চারপাশে। কে বা কারা এই মৃত্যুর নেপথ্যে—সেই রহস্যই তুলে ধরবে ছবি।

বানতলার নলবনসহ একাধিক স্থানে চলছে শুটিং। পরিচালক জানান, ছোটদের ভূতের গল্পের বইয়ের স্বাদ পর্দায় ফুটিয়ে তুলতেই এই গল্প বেছে নেওয়া। তবে কাজ করতে গিয়ে বারবার অস্বাভাবিক ঘটনার মুখে পড়তে হয়েছে। কখনও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, কখনও কেউ অসুস্থ হয়ে পড়ছেন। প্রথম দিকে অস্বস্তি লাগলেও এখন সেটির সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি। যদিও এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।



ছবিতে জমিদারের ভূমিকায় রয়েছেন গৌরব রায়চৌধুরী। ছোট পর্দার পরিচিত মুখ হলেও বড় পর্দায় এটি তার অন্যতম বড় চরিত্র। তার মতে, এই ছবিতে কাজ করা তার জন্য বিশেষ অভিজ্ঞতা, কারণ সহশিল্পী হিসেবে পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ অভিনেতাকে। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়ের অনেক কিছু শেখার সুযোগ মিলছে বলেও জানান গৌরব।

অনির্বাণ ও ঋত্বিক ছবিতে যথাক্রমে ‘বসন্ত’ ও ‘চিত্তবাবু’ চরিত্রে অভিনয় করছেন। তারা শহর থেকে এসে রহস্যময় গ্রামে প্রবেশ করবেন এবং সেখানকার অদ্ভুত ঘটনার মুখোমুখি হবেন। তবে গল্পের মূল রহস্য নিয়ে পরিচালক ও শিল্পীরা নীরব থাকতেই পছন্দ করছেন। চলতি বছরের দ্বিতীয় ভাগে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

গৌরবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা কুমার এবং বোনের চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়। ছবিতে তারকার সংখ্যা তুলনামূলক কম কেন—এ প্রশ্নের জবাবে পরিচালক জানান, বাজেট নয়, গল্পের প্রয়োজন অনুযায়ীই অভিনেতা বাছাই করা হয়েছে। তার মতে, ভৌতিক ছবি নির্মাণও কম ব্যয়সাপেক্ষ নয়, তাই গল্পই এখানে প্রধান বিবেচ্য।


এমকে/টিকে

মন্তব্য করুন