বছর শুরুর ৩৭ দিন পর শেষ হল শতভাগ পাঠ্যবই বিতরণ
ছবি: সংগৃহীত
১২:২৯ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন শিক্ষাবর্ষ শুরুর ৩৭ দিনের মাথায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মুদ্রিত ও বাঁধাই করা সব পাঠ্যপুস্তক ৭ ফেব্রুয়ারি শতভাগ সরবরাহ সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি স্তরের বই ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১টি এবং মাধ্যমিক স্তরের বই ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩টি। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ৬ হাজার ২৬টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
এনসিটিবি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যপুস্তক মুদ্রণে গুণগত মান নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এজন্য ব্যবহৃত কাগজের মান পরীক্ষায় এনসিটিবি কার্যালয়ে স্থাপন করা হয় আলাদা ল্যাবরেটরি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে সিসিটিভির মাধ্যমে অনলাইন মনিটরিং এবং কর্মকর্তাদের সমন্বয়ে মাঠপর্যায়ে নিবিড় তদারকির মাধ্যমে বইয়ের ছাপা ও বাঁধাইয়ের মান নিশ্চিত করা হয়েছে।
পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গঠিত টাস্কফোর্সের সদস্যরাও মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সময়মতো বই মুদ্রণ, বাঁধাই ও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সহায়তা করেন বলে জানানো হয়।
এনসিটিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে দ্রুত সময়ে শতভাগ বই সরবরাহ সম্ভব হয়েছে। এর আগে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। তবে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শতভাগ বই ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়।
এর আগে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এনসিটিবি সব স্তরের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ উন্মুক্ত করে। এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের সফটকপি পাওয়া যাচ্ছে।
এবি/টিএ
এবি/টিএ