© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ দিকে এসে নারী লিগের ট্রফি উন্মোচন করল বাফুফে

শেয়ার করুন:
শেষ দিকে এসে নারী লিগের ট্রফি উন্মোচন করল বাফুফে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ নারী ফুটবল লিগের শেষ দিকে এসে ট্রফি উন্মোচন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের অধিনায়ক। শেষ মুহূর্তে বাফুফের এমন আয়োজন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ফুটবলাররা। এদিকে, ভবিষ্যতে নারী লিগ আরও বড়ো পরিসরে আয়োজন করতে চায় ফেডারেশন।

বাংলাদেশ নারী ফুটবল লিগের বাকি আর মাত্র দুই রাউন্ড। এর মধ্যে জাতীয় নির্বাচনের ঠিক পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা শেষ রাউন্ডের খেলা। যা নিয়ে আছে শঙ্কা। ১১ দলের লিগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ৮ দল। লিগের একেবারে শেষ দিকে এসে উন্মোচন করা হয়েছে ট্রফি। ক্যাপ্টেন্স মিটও আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দীন পার্কে পুরো অনুষ্ঠান ছিলো ফুটবলারদের নিয়ে। যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের ক্যাপ্টেন। তবে শেষ দিকে এসে ট্রফি উন্মোচন নিয়ে আক্ষেপ ফুটবলারদের কণ্ঠে।

বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি হিসেবে তড়িঘড়ি করে নারী লিগ আয়োজন করেছিলো বাফুফে। একই ভেন্যুতে একাধিক ম্যাচ। অধিকাংশ ম্যাচই হয়েছে একপেশে। লিগের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এর মাঝেই প্রস্তুতিটা কেমন হলো জাতীয় ফুটবল দলের?

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম মার্কেটিং ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান হলেও নারী ফুটবল লিগে তিনি বেশ সক্রিয়। আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের নেপথ্যেও তিনি। নারী লিগের সামগ্রিক বিষয় নিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ছিল অনেকগুলা। কিছু জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে ছিল যেমন ফ্লাডলাইটের ইস্যুটা। আমি যদি বলি আমি শতভাগ সন্তুষ্ট, তা হবে না। তবে আমি খুশি যে আমরা লিগটা শেষ করতে পারছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের গেম টাইম দেওয়া এবং মিশন অস্ট্রেলিয়া’র আগে টপ প্লেয়াররা যেন ম্যাচ প্র্যাকটিসে থাকে।’

তবে এই লিগ থেকে বেশ কয়েকজন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন হেড কোচ পিটার বাটলার। ভবিষ্যতে লিগের পরিসর বড় করার পরিকল্পনা করছে বাফুফে। আগামী ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা নারী লিগের। তবে তা পুরোটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর।

এবি/টিএ

মন্তব্য করুন