© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুদে ফ্যানের বারবার অনুরোধেও মন গলল না যিশুর!

শেয়ার করুন:
খুদে ফ্যানের বারবার অনুরোধেও মন গলল না যিশুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যক্তিগত জীবন ঘিরে এমনিতেই বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এর মাঝেই সামনে এল একটি ভিডিয়ো, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ‘সিটি টকিজ শো’ নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো।

ভিডিয়োতে দেখা যায়, মাথায় টুপি, চোখে সানগ্লাস আর গায়ে জার্সি পরে একটি মাঠে ঢোকার আগে দাঁড়িয়ে আছেন যিশু। সেখানে উপস্থিত এক খুদে ভক্তের সঙ্গে প্রথমে হাত মেলান তিনি। এরপর সেই ছেলেটি নিজের হাতে থাকা একটি চিপসের প্যাকেট যিশুর দিকে এগিয়ে দিয়ে বারবার অনুরোধ করে একটি চিপস খাওয়ার জন্য। এমনকী ছেলেটিকে বলতে শোনা যায়, “একটা খেলে কিছু হবে না।”

তবে অভিনেতা কোনওভাবেই চিপস মুখে তোলেননি। বরং বাচ্চাটির গাল ও কাঁধে হাত রেখে তাকে কিছু বুঝিয়ে বলতেও দেখা যায়। কিন্তু যিশুর এই ‘না খাওয়া’-কেই কেন্দ্র করে শুরু হয় সমালোচনার ঝড়। পোস্টের কমেন্ট বক্স ভরে যায় কটাক্ষে। কেউ লেখেন, “কমদামি জিনিস খাবে না।” আবার কারও মন্তব্য, “এত হাবভাব কবে হল?” কেউ কেউ আবার লেখেন, “অচেনা লোকের খাবার খাওয়া যায় না।”



তবে সকলেই যে সমালোচনা করেছেন, তা নয়। যিশুর পক্ষেও দাঁড়িয়েছেন অনেকেই। এক নেটিজেন লিখেছেন, “একজন মানুষের সেই মুহূর্তে কিছু খাওয়ার ইচ্ছে নাও থাকতে পারে।” আরেকজনের কথায়, “আমরা তারকাদের খুব সহজেই বিচার করে ফেলি।”

কাজের দিক থেকে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন যিশু সেনগুপ্ত। বাংলা ছাড়াও বলিউড ও সাউথের একাধিক প্রজেক্টে তাঁকে দেখা যাচ্ছে। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলা’, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার। পাশাপাশি অভিনেতা সৌরভ দাস-এর সঙ্গে যৌথভাবে শুরু করা প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ থেকেও নতুন ছবির প্রস্তুতি চলছে। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করতে পারেন বলেও শোনা যাচ্ছে, যেখানে যিশুকেও দেখা যেতে পারে।

এবি/টিএ

মন্তব্য করুন