উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলিসহ ৩ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৬:১৩ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন– মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও মো. রেজাউল করিম (৩৪)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে যৌথ বাহিনীর সঙ্গে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আজমপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন র্যাবের পোশাক পরিধান করে ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, একটি অ্যান্টেনাযুক্ত ব্যাটারিসহ ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, ৪টি র্যাবের জ্যাকেট, দুটি র্যাবের ভুয়া আইডি কার্ড, দুটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুটি গাড়ির নম্বর প্লেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ২৬৭০ টাকা উদ্ধার করা হয়।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তার মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি মামলা এবং গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এবি/টিএ