বাগেরহাটে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: সংগৃহীত
০৮:১০ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক কামরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক ও ভ্যানের যাত্রীসহ আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল শেখ বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতরা হলেন-ভ্যানযাত্রী রনি হাওলাদার ও আওয়াল সরদার, ট্রলিচালক মো. সোহেল মৃধা এবং ট্রলির যাত্রী শরিফুল ডাকুয়া।
চিংড়ি গবেষণা কেন্দ্রে থাকা সেনাক্যাম্প সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে বাগেরহাট শহরের দিকে আসা কাঠবোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ট্রলি দুটিই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির চালকসহ দুইজন এবং ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে চিংড়ি গবেষণা কেন্দ্র আর্মি ক্যাম্পের ২৩ আরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর হুমায়ুন ও ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে সেনাসদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ভ্যানচালক মো. কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। ভ্যানযাত্রী রনি হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলিচালক সোহেল মৃধা ও যাত্রী শরিফুল ডাকুয়া বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত ও চারজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিএ/টিকে