© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেকর্ড দামে বিক্রি হলো মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজি

শেয়ার করুন:
রেকর্ড দামে বিক্রি হলো মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির নিলাম শেষ হয়েছে রেকর্ড দামে বিক্রির মাধ্যমে, যার বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ফি ২৪৫ কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্যায়ন। সোমবার লাহোরে অনুষ্ঠিত হয় নিলাম।

মুলতানের ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে আর্থিক প্রযুক্তি কোম্পানি ওয়ালি টেকনোলজিস। ১১তম আসরের প্লেয়ার অকশানের দুই দিন আগে তারা দল কিনে নিলো। নিলামের আগে মুলতান তাদের আগের মৌসুমের কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি। তারা পুরো স্কোয়াড পূরণ করবে সরাসরি চুক্তি কিংবা নিলামের মাধ্যমে।



লাহোরে ফ্র্যাঞ্চাইজি নিলাম শেষে দলের নতুন মালিক ঘোষণা দেন, মুলতানের নাম পাল্টে রাওয়ালপিন্ডি রাখবেন। কোম্পানির প্রধান নির্বাহী আহসান তাহির বলেছেন, ‘আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডি হতে যাচ্ছি।’

২০১৮ সাল থেকে আলী তারিনের মালিকানায় ছিল মুলতান। কিন্তু পিএসএলের দশম আসরের পর ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্যের কারণে চুক্তি নবায়ন করেননি তিনি। 

রেকর্ড দামে দল বিক্রিকে ‘লিগের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বর্ণনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, একটা সময় কম দামেও ক্রেতাদের আকৃষ্ট করতে কষ্ট হয়েছে মুলতানের। কিন্তু রেকর্ড দামে বিক্রি হওয়ায় প্রমাণ হলো, পিএসএল-এর দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্ভাবনার প্রতি আস্থা বেড়েছে।

পিএসএল-এ এবার দল বাড়ানো হয়েছে দুটি। নতুন আসরে আটটি দল খেলবে। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নতুন দুটি দল হায়দরাবাদ ও শিয়ালকোট।

আরআই/টিকে

মন্তব্য করুন