বিতর্ক আর গুজবে ঘেরা জিয়া শঙ্কর!
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দা থেকে সামাজিক মাধ্যম দুই জগতেই নিজের পরিচিতি তৈরি করেছেন জিয়া শঙ্কর। তবে সম্প্রতি তাঁর নাম ঘিরে যে আলোচনা, তা অভিনয়ের জন্য যতটা নয়, তার চেয়ে বেশি বিতর্ক ও গুজবকে কেন্দ্র করে। এক সময় দক্ষিণী ছবিতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করা এই অভিনেত্রী পরে হিন্দি ধারাবাহিক, সংগীতচিত্র এবং উপস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে দর্শকের নজরে আসেন। জনপ্রিয় একটি বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই মূলত পরিচিতির পরিধি বাড়ে তাঁর। সেই অনুষ্ঠানেই ষষ্ঠ স্থান অধিকার করে আলোচনায় উঠে আসেন জিয়া।
মুম্বইয়ে জন্ম নেওয়া জিয়ার শৈশব কিন্তু খুব সহজ ছিল না। অল্প বয়সেই বাবা–মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে তাঁর ব্যক্তিগত জীবনে। এক সময় নিঃসঙ্গতা আর মানসিক অবসাদ তাঁকে ঘিরে ধরেছিল বলেই জানা যায়। ছোটবেলা থেকে খেলাধুলায় আগ্রহ থাকলেও পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। অভিনয় শেখার জন্য প্রশিক্ষণকেন্দ্রে যোগ দিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান। কলেজজীবনে সাজপোশাক নিয়ে সহপাঠীদের কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে, তবে সময়ের সঙ্গে সেই পরিস্থিতিও সামলে নেন নিজের মতো করেই।

ক্যারিয়ারের উত্থানের মাঝেই শুরু হয় বিতর্ক। জনশ্রুতি ছড়িয়ে পড়ে, এক তরুণী নেটপ্রভাবীর মানহানির উদ্দেশ্যে বিপুল অর্থ খরচ করেছিলেন জিয়া। অভিযোগ ওঠে, ভুল তথ্য ছড়ানোর জন্য এক আলোকচিত্রশিল্পীকে কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জিয়া জানান, সবই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তবু এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
এরই মধ্যে আর এক গুঞ্জন নতুন করে আলোড়ন তোলে। জনপ্রিয় এক বিজয়ীর সঙ্গে জিয়ার বাগ্দানের খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। কয়েক দিনের মধ্যেই সেই খবর ভুয়ো বলে জানানো হয়। আসলে দু’জনে একসঙ্গে একটি নতুন অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন, সেই প্রচারের অংশ হিসেবেই নাকি এই গুজব ছড়ানো হয়েছিল। সম্পর্ক ভাঙা যুগলদের নতুন করে মুখোমুখি করানোর ধারণা নিয়েই তৈরি হচ্ছে সেই অনুষ্ঠান। বিতর্ক, গুজব আর আলোচনার ভিড়ের মধ্যেও জিয়া নিজের অনুরাগী মহল ধরে রেখেছেন দৃঢ়ভাবেই। সামাজিক মাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ছুঁয়েছে, যা প্রমাণ করে জনপ্রিয়তার পাল্লা এখনও তাঁর দিকেই ভারী।
পিআর/টিকে