© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপাল যাদবকে কী ভুলে গেল বলিউড? মুখ খুললেন সোনু সুদ

শেয়ার করুন:
রাজপাল যাদবকে কী ভুলে গেল বলিউড? মুখ খুললেন সোনু সুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৩ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের জীবন যেন হঠাৎ করেই নাটকীয় মোড় নিল। রুপালি পর্দায় যিনি হাসির রোল তুলতেন, সেই মানুষটিকেই এখন ঘিরে বিষাদের আবহ। আর্থিক অনিয়মের মামলায় আত্মসমর্পণের পর তাঁর ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় কারাগার। আত্মসমর্পণের মুহূর্তে আবেগঘন কণ্ঠে তিনি জানান, বকেয়া অর্থ মেটানোর মতো কোনও বন্ধুই তাঁর পাশে নেই। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। বহু অনুরাগীর মনে প্রশ্ন জাগে, এত বছরের সহকর্মী আর পরিচিত মুখেরা কি সত্যিই তাঁকে ভুলে গেছেন।

দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকায় কাজের সুযোগও কমে গিয়েছিল রাজপালের। এক সময় যাঁর সঙ্গে অক্ষয় কুমার থেকে সলমন খান, সঞ্জয় দত্ত থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকাদের সমান তালে কাজ, সেই অভিনেতাই আজ আর্থিক চাপে জর্জরিত। আদালতের নির্দেশে আত্মসমর্পণের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা বাড়ছিল, ঠিক তখনই সহমর্মিতার হাত বাড়িয়ে দেন সোনু সুদ। সহকর্মীর কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে তিনি শুধু সমর্থনই জানাননি, নিজের পরবর্তী ছবিতে রাজপালকে কাজের প্রস্তাবও দিয়েছেন।



সোনু সুদের এই পদক্ষেপ অনেকের কাছেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি স্পষ্ট করে বলেন, একজন প্রতিভাবান শিল্পীকে কঠিন সময়ে একা ফেলে রাখা উচিত নয়। তাঁর মতে, একটি ছোট কাজও রাজপালের ভবিষ্যতের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঢেউ ওঠে। বহু অনুরাগী মনে করছেন, বিনোদন দুনিয়ায় এখনও সহমর্মিতা বেঁচে আছে, আর সেই বিশ্বাস নতুন করে জাগিয়ে তুলেছেন সোনু সুদ।

পিআর/টিকে


মন্তব্য করুন