পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৭
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের উপর টানানোর বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনীর একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়। এদের মধ্যের ৪ জনকের আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশকয়েক জন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। এসময় তিনি ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান৷
এসএস/টিএ