ভুল হলে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)' চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
নতুন সরকার গঠনের পরপরই নিজের পেশাগত ও আগের নিরিবিলি জীবনে ফিরে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, অতীতে তিনি যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন না এবং ভবিষ্যতেও নিজেকে আড়ালে রাখতে চান। নিজের কাজের সম্ভাব্য ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি অনুরোধ করেন, তাকে যেন সবাই ভুলে যায়।
দায়িত্ব পালনকালে ছোট খামারি থেকে শুরু করে বড় উদ্যোক্তা, সকলকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত অর্থনৈতিক নীতিতে কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেন এবং আশা প্রকাশ করেন যে তার উত্তরসূরিরা এই ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনি উল্লেখ করেন, অভিজ্ঞতা কম থাকলেও সততা ও চেষ্টার কমতি ছিল না এবং আল্লাহর রহমতে কোনো প্রকার বৈষম্য বা স্বজনপ্রীতি ছাড়াই তিনি দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও অনুসন্ধানের প্রশংসা করে তিনি বলেন, এতে জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের গতি বেড়েছে এবং ভুল শুধরানোর সুযোগ তৈরি হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, যখনই প্রয়োজন হয়েছে, তখনই প্রধান উপদেষ্টা অত্যন্ত দরদ ও প্রজ্ঞার সঙ্গে দিকনির্দেশনা দিয়েছেন যা অর্জিত সফলতার মূল চাবিকাঠি।
এসকে/এসএন