প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও সোমালিয়া
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সোমালিয়া ও সৌদি আরব প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে সোমবার সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার হবে এবং পারস্পরিক আগ্রহের নানা ক্ষেত্র এতে অন্তর্ভুক্ত থাকবে।
সমঝোতা স্মারকটি (এমওইউ) সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং তার সৌদি সমকক্ষ প্রিন্স খালিদ বিন সালমান স্বাক্ষর করেন।
সোমালিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই কৌশলগত অংশীদারির লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং লোহিত সাগরের নিরাপত্তা জোরদার করা।
ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর থেকে হর্ন অব আফ্রিকার দেশটির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক অখণ্ডতা ও আকাশসীমা সুরক্ষায় সহায়তার জন্য সোমালিয়া মিত্র দেশগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তিগত সহায়তা ও সামরিক সরঞ্জাম পেতে আগ্রহী।
সূত্র : আনাদোলু এজেন্সি
এমআর/এসএন