ক্রিকেটাররা রাজনীতির খেলা খেলছে: সাকলায়েন মুশতাক
ছবি: সংগৃহীত
০৬:২৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
চলমনা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তবে এ নিয়ে কম জলঘোলা হয়নি। গত কয়েক দিনে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই সময়ে ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারের করা মন্তব্যে বেশ চটেছেন সাকলায়েন মুশতাক।
‘গেম অন হে’ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'সম্প্রতি এক সাবেক ক্রিকেটার- নাম বলছি না, কারণ সেটা ঠিক মনে হচ্ছে না- তাকে জিজ্ঞাস করা হয়েছিল-পাকিস্তান নিজেদের সততা ও সম্মানের কথা বলছে, সে বিষয়ে। তিনি জবাবে বলেছিলেন, ‘দেখুন, কথা বলার আগে বলি- যাদের শুরু থেকেই কোনো সম্মান নেই, তারা আবার সম্মানের কথা কীভাবে বলে?’ আমি বলতে চাই, একটু তো সাধারণ বুদ্ধি ব্যবহার করুন!'
'কী ধরনের সংকীর্ণ-মনের কথা বলছেন? আপনি একজন সাবেক ক্রিকেটার। খেলোয়াড়দের তো নায়ক ও তারকা হওয়ার কথা। আর তারকারা সবার জন্যই আলো ছড়ায়। নায়ক সবার। অন্তত নায়কের মতো আচরণ করার চেষ্টা করুন!'-যোগ করেন তিনি।

রাজনীতিবিদদের মতো করে ক্রিকেটারদের কথা বলা উচিত নয় বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, 'রাজনীতিবিদরা তারা যা করে সেটাই করছে-তারা রাজনীতির খেলা খেলছে। কিন্তু আপনারা (সাবেক ক্রিকেটাররা) এভাবে কথা বলতে পারেন না। এটা কি বোঝেন না?'
'যখন বাউন্ডারি মারেন বা উইকেট নেন, তখন এপাশ-ওপাশ (ভারত-পাকিস্তান) সব দিক থেকেই সবাই হাততালি দেয়। কিন্তু এটা যেন আপনারা বুঝতেই চান না। আমি বলি, সীমান্তের ওপাশে একটু বোধ-বুদ্ধি দরকার; আরও দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্তভাবে কথা বলা উচিত।'-যোগ করেন তিনি।
এসকে/এসএন