সালমানের রাগ নিয়ন্ত্রণহীন, দাবি শৈশববন্ধুর
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ভাইজান সালমান খান। কখনও আইনি জটিলতা, কখনও আবার প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকেন। এবার সালমানের সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন তার ছোটবেলার বন্ধু ও অভিনেতা রাজু শ্রেষ্ঠ। তার দাবি, সালমান প্রেমিকাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তিনি অত্যন্ত পরিষ্কার মনের।
রাজু শ্রেষ্ঠ ও সালমানের বন্ধুত্ব সেই সময়ের, যখন সালমান তারকা হয়ে ওঠেননি। দীর্ঘদিনের সেই সম্পর্কের সূত্র ধরেই রাজু জানান, সালমান আসলে আবেগপ্রবণ একজন মানুষ। তবে তার বড় সমস্যা হলো নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ না থাকা।
রাজুর ভাষ্যমতে, ‘সালমান খুবই মজার মানুষ। কিছু বলার আগে বেশি ভাবেন না, বন্ধুত্ব করার আগেও না। তার মনে যা, মুখেও তাই। হিসাব করে চলতে পারেন না বলেই বারবার বিতর্কে জড়িয়ে পড়েন। তার মধ্যে কোনো কূটকচালি নেই, খুবই সহজ-সরল একজন মানুষ।’
তার কথায়, ‘সালমানের নিজের আবেগের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। লোকজনের বাড়ির নীচে দাঁড়িয়ে গালাগালি করতেন। প্রাক্তন প্রেমিকার বাড়ির নীচে দাঁড়িয়েও চিৎকার চেঁচামেচি করেছিলেন। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে লোকজনকে মারধরও করতেন।’
নেটিজেনদের একাংশের ধারণা, রাজু শ্রেষ্ঠর এই মন্তব্যের তীর হয়তো সরাসরি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকেই। কারণ, সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদের সময় এই ধরণের অসংখ্য অভিযোগ প্রকাশ্যে এসেছিল।
এসএন