ইরানে খামেনির দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে ইসলামি বিপ্লবের বার্ষিকী সামনে রেখে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগ।
ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে অতীতেও এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা।
বিচার বিভাগের বরাতে মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে খামেনি ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমতি দিয়েছেন।
বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।
গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি সবচেয়ে তীব্র আকার ধারণ করে।
তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।
এসকে/এসএন