বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবি ও ক্রিকেটারদেরই: ক্রীড়া উপদেষ্টা
ছবি: সংগৃহীত
১২:১৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে নিজের দায়িত্বকালের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনার কোনো কারণ তিনি দেখছেন না। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না।
সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা। তারা নিজেরাই দেশের ক্রিকেট ও দেশের মানুষের নিরাপত্তার জন্য ত্যাগ স্বীকার করেছে। মানুষের মর্যাদা রক্ষার জন্য তারা ভূমিকা রেখেছে।’
বর্তমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না।

এই সিদ্ধান্ত ঘিরে আর্থিক ক্ষতি ও প্রশাসনিক জটিলতার আশঙ্কা তৈরি হলেও সাম্প্রতিক সময়ে সেই শঙ্কা অনেকটাই কেটেছে বলে জানান আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আইসিসি এখন বলেছে, তারা কোনো শাস্তি দেবে না; বরং একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে চায়। এটি একটি ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাতে চাই।’
ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিকেএসপি ও ক্রীড়াবিদ উন্নয়ন নিয়েও কাজ করার কথা তুলে ধরেন আসিফ নজরুল। তিনি জানান, স্বল্প পরিসরে কিছু খেলায় সেন্টার অব এক্সিলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৈশ্বিক ক্রিকেট পরিস্থিতির কারণে বিসিবির কাছে বড় পরিসরের আর্থিক সহায়তা আর চাননি বলেও জানান তিনি।
খেলাধুলার প্রতি নিজের ব্যক্তিগত আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খেলা আমার প্যাশন। খেলা মানুষকে অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে। যুবদের নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’
টিজে/টিএ