'কেউ আমার নাম ব্যবহার করে একটা গোটা ছবি বানিয়ে ফেলেছে!' মেজাজ হারালেন গোবিন্দ
ছবি: সংগৃহীত
০৫:২৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে বিতর্ক নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই বিতর্ক অনেক ব্যক্তিগত হয়ে ওঠে। তেমনই এক বিতর্কের মুখে পড়েছে করণ জোহর প্রযোজিত ২০২২ সালের ছবি গোবিন্দা নাম মেরা। কারণ, এই ছবির শিরোনাম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা গোবিন্দ।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ স্পষ্ট ভাষায় জানালেন, কোনো অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করা হয়েছে একটি ছবির শিরোনামে, যা তিনি মোটেও হালকাভাবে নিতে পারছেন না।
অভিনেতার কথায়, ‘কেউ আমার নাম ব্যবহার করে একটা গোটা ছবি বানিয়ে ফেলেছিল…আমার তো মনে হয় ওই ছবিটা করণ জোহরই বানিয়েছিল।’
শশাঙ্ক খৈতান পরিচালিত ওই ছবি ‘গোবিন্দা নাম মেরা’তে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। স্ত্রী ও প্রেমিকার মাঝখানে আটকে পড়া এক কোরিওগ্রাফারের গল্প বলেছিল এই কমেডি থ্রিলার। ভিকির বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর ও কিয়ারা আদবানি। ছবিটি মুক্তি পেয়েছিল সরাসরি ডিজনি+হটস্টার ওটিটি-তে।
কিন্তু গোবিন্দর আপত্তির জায়গা শুধু নামেই আটকে নেই। ছবির গল্পের কাঠামো নিয়েও রয়েছে তার গভীর অস্বস্তি। ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে এক স্বামী, স্ত্রী ও প্রেমিকার সম্পর্কের জটিলতা-এই তিনমুখী জীবনের গল্পকে তিনি অত্যন্ত সংবেদনশীল বিষয় বলে মনে করেন।

অভিনেতার কথায়, ‘মজা সব জায়গায়, সবভাবে, সবসময় ভালো লাগে না।’ এরপর হাতজোড় করে অনুরোধ জানিয়ে গোবিন্দ বলেন, তার ব্যক্তিগত জীবনকে যেন এই ধরনের গল্পের ছায়ায় টেনে না আনা হয়। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ছবির গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখছেন গোবিন্দ? নাকি শুধুই নাম ব্যবহারের বিষয়টিকেই তিনি অসম্মানজনক বলে মনে করছেন? যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেতা। তবে তার বক্তব্যে স্পষ্ট, এই বিষয়টি তিনি ‘হালকাভাবে’ নিতে রাজি নন।
এবি/টিএ
এবি/টিএ