© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরাতি ক্লাবে যোগ দিলেন জায়ান

শেয়ার করুন:
আমিরাতি ক্লাবে যোগ দিলেন জায়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের লেফটব্যাক জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দল রিমান আল সাহরায় যোগ দিয়েছেন।

আমিরাতি ক্লাব রিমাল আল সাহরায় যোগ দিয়েছেন জায়ান আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেজ থেকে ইউএই'র তৃতীয় বিভাগের দলটিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফুটবলার। ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে রোমাঞ্চিত বলে জানিয়েছেন জায়ান।



তিনি লিখেছেন, 'অবশেষে খবরটি ভাগাভাগি করতে পেরে উত্তেজিত বোধ করছি, আমি রিমাল আল সাহরা এসসি পরিবারে যোগ দিয়েছি।  নতুন রং, নতুন চ্যালেঞ্জ, ক্ষুধা একই রকম।'

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ানের। তার ফুটবল ক্যারিয়ারের ভিত গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন পরিবেশে। সবশেষ কানাডায় ফুটবলের প্রশিক্ষণ নেয়া ২২ বছর বয়সী লেফট ব্যাকের এটিই ক্লাব পর্যায়ে প্রথম পেশাদার চুক্তি।

এই সিদ্ধান্তের পেছনে বড় একটি কারণ ছিল রিমাল আল সাহরার শক্তিশালী ফুটবল কাঠামো এবং অভিজ্ঞ ব্যবস্থাপনা। ক্লাবটির কোচিং সেট-আপে আছেন নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার স্টিভেন টেইলর। তাকে সহায়তা করছেন রিচার্ড পিনিকেটের মতো অভিজ্ঞ পেশাদাররা।
 
দলে ইউরোপের বিভিন্ন যুব লিগে খেলা কয়েকজন তরুণ ফুটবলারও আছেন, যা উন্নয়নের জন্য আদর্শ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে।

নিয়মিত ম্যাচ খেলার সুযোগ, সুস্পষ্ট ক্রীড়া-দর্শন, আন্তর্জাতিক উইন্ডো বিরতির সুবিধা এবং সহজ যাতায়াত ব্যবস্থা-এসব বিষয় জায়ানের পেশাদার লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই দারুণ উত্থান ঘটিয়েছে। বর্তমানে ক্লাবটি সংযুক্ত আরব আমিরাতের থার্ড ডিভিশন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে উন্নীত হওয়া নিশ্চিত হবে।

মঙ্গলবারই (১০ ফেব্রুয়ারি) নতুন ক্লাবের হয়ে জায়ানের অভিষেক হয়েছে। ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে ম্যাচে এই বাংলাদেশি তারকার অভিষেক হয়।  নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মাজদ এফসি জয় পেয়ে পরবর্তী রাউন্ডে ওঠে।


দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৬তম মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের পরিবর্তে মাঠে নামেন জায়ান।
 
গত বছরের আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক হয় জায়ানের, যেখানে তার গতি ও টেকনিক্যাল দক্ষতা তৎক্ষণাৎ নজর কাড়ে।

সেই ধারাবাহিকতায় জাতীয় দলে অভিষেক হয় এই তরুণের। গত বছর অক্টোবরে হংকং-চায়নার বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ আন্তর্জাতিক অভিষেক হয় জায়ানের। এরপর থেকে তিনি বাংলাদেশ দলে নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। এখন পর্যন্ত তিনি চারটি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও তিনি দলের অংশ ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন