মধ্যরাতে ২২-২৩ জন লোক ঘিরে ফেলে বাড়ি, প্রাণ বাঁচাতে কী করেছিলেন গোবিন্দ?
ছবি: সংগৃহীত
০৩:১১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র জগতে ‘হিরো নম্বর ১’ খ্যাত অভিনেতা গোবিন্দ সম্প্রতি নিজের বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন। অভিনেতার বক্তব্য অনুযায়ী, ২২-২৩ জনেরও বেশি মানুষ হঠাৎ তাঁর বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ির ভেতরে ঢোকারও চেষ্টা করেন। গোবিন্দা বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো কোনও পার্টির লোক এসেছে, কিন্তু পরিস্থিতি অন্য রকম ছিল।

অভিনেতা আরও জানিয়েছেন, মুম্বই পুলিশকে ফোন করেও সাহায্য পাননি। এক ব্যক্তি হঠাৎ ছাদে উঠে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিজের নিরাপত্তার জন্য তিনি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক হাতে নিয়ে সকলকে জিজ্ঞেস করেন, “তোমরা কারা?” এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। এ সময় হুমকি প্রদানকারীরা নিজেকে ইলেকট্রিক কাজের লোক বলে পরিচয় দিতে চেষ্টা করেন, কিন্তু গোবিন্দা তাদের কথায় গুরুত্ব দেননি। শেষে তিনি বন্দুক দেখিয়ে সকলকে বাড়ি থেকে চলে যেতে বলেন।
গোবিন্দ এই ঘটনার পর জানিয়েছেন, তিনি খুব বেশি জিজ্ঞাসা করেননি এবং বুঝেছেন এটি সময়ের অপচয়। তিনি বলেন, একজন ভালো অভিনেতা কখনও এমন পরিস্থিতিতে শক্তি নষ্ট করবেন না; তিনি হয় অভিনয় করবেন, নয়তো নিজের মতো থাকবেন। এই ঘটনা দিয়ে স্পষ্ট হলো, অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা ও সাহসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
পিআর/টিকে