১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’
ছবি: সংগৃহীত
০৬:০৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসা দিবসের একদিন আগে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিখ্যাত লেখক ডন উইন্সলোর একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত ক্রাইম থ্রিলার সিনেমা ‘ক্রাইম ১০১’। বার্ট লেটন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে এবং হ্যালি বেরি।
গত ২৮ জানুয়ারি লন্ডনে এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।
২০২৩ সালে উপন্যাসটির স্বত্বের জন্য একটি দরপত্র লড়াইয়ে নেটফ্লিক্সকে হারিয়ে অ্যামাজন জয়লাভ করে। যেখানে পেড্রো পাস্কাল মূলত হেমসওয়ার্থের সাথে অভিনয় করার জন্য আলোচনায় ছিলেন, কিন্তু দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপসের সাথে সময়সূচি নিয়ে দ্বন্দ্বের কারণে বাদ পড়েন তিনি।
২০২৪ সালের মে মাসে, মার্ক রাফালো লু লুবেসনিক চরিত্রে অভিনয়ে যোগ দেন। অক্টোবরে, হ্যালি বেরি, কোরি হকিন্স এবং মনিকা বারবারো অপ্রকাশিত ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। নভেম্বরে জেনিফার জেসন লেই, নিক নল্টে, টেট ডোনোভান, ডেবোরা হেডওয়াল, ডেভন বোস্টিক, পল অ্যাডেলস্টাইন, ড্রু পাওয়েল এবং ম্যাথিউ ডেল নেগ্রো অভিনেতাদের তালিকাভুক্ত করেন। অক্টোবরেই লস অ্যাঞ্জেলেসে সিনেমার শুটিং শুরু হয়।
গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় হওয়া কিছু অত্যন্ত নিখুঁত জুয়েলারি ডাকাতি। এই ডাকাতিগুলোতে কোনো ভুল নেই, কোনো অপ্রয়োজনীয় সহিংসতা নেই, সবকিছু যেন বইয়ের নিয়ম মেনে করা।
একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ বিশ্বাস করেন, বড় ক্রাইমগুলো সব সময় কিছু অলিখিত নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকেই তিনি বলেন ‘ক্রাইম ১০১’।
তার ধারণা এই সব ডাকাতি একজনই করছে, যে এই নিয়মগুলো হুবহু মেনে চলে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন একটি ডাকাতিতে অস্বাভাবিক কিছু ঘটে এবং নিয়ম ভাঙার ইঙ্গিত পাওয়া যায়। ডিটেকটিভ বুঝতে পারেন, এটা শুধু সাধারণ ডাকাতি নয়, এর পেছনে আছে আরও বড় খেলা। এদিকে একজন তরুণ, বুদ্ধিমান অপরাধী ধীরে ধীরে এই জগতের গভীরে ঢুকে পড়ে। ট্রেলার প্রকাশের পর থেকে অনলাইন ফোরাম ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে উচ্চ আগ্রহ ও উন্মাদনা দেখা যাচ্ছে।
এমআই/এসএন