© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ৮ মাসেই চাকরিচ্যুত হলেন টটেনহ্যামের কোচ

শেয়ার করুন:
মাত্র ৮ মাসেই  চাকরিচ্যুত হলেন টটেনহ্যামের কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
দায়িত্ব নেয়ার মাত্র ৮ মাসের মাথায় টটেনহ্যাম হটস্পারের কোচের চাকরি হারালেন টমাস ফ্র্যাঙ্ক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করেছে ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে আছে টটেনহ্যাম। এই মুহূর্তে অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট ওপরে অবস্থান করছে স্পার্স। নর্থ লন্ডনের ক্লাবটি প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচ ধরে জয়হীন, ২০০৮ সালের অক্টোবরের পর যা তাদের সবচেয়ে দীর্ঘ জয়খরা।

শেষ ১৭ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে টটেনহ্যাম। এ সময়ে এই ম্যাচগুলো থেকে তারা সর্বমোট ১২ পয়েন্ট অর্জন করেছে।

ক্লাবটি জানিয়েছে, 'ভবিষ্যতের জন্য দল হিসেবে গড়ে তুলতে তারা ফ্র্যাঙ্ককে যথেষ্ট সময় ও প্রয়োজনীয় সমর্থন দিয়েছে', কিন্তু সাম্প্রতিক ফল বলছে 'এই মুহূর্তে পরিবর্তন জরুরি।'



প্রিমিয়ার লিগে এই মৌসুমে সাতটি জয়, আটটি ড্র এবং ১১টি হারের মিশ্র রেকর্ডের মধ্যেও এই ডেনিশ কোচ স্পার্সকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে সরাসরি শেষ ষোলোতে ওঠার যোগ্যতা এনে দেন।

তবে তারা দুইটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছে। অক্টোবরে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে নিউক্যাসলের কাছে  এবং গত মাসে এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার কাছে পরাজিত হয় ফ্র্যাঙ্কের দল। 
 
টটেনহ্যাম এক বিবৃতিতে জানায়, 'ক্লাবে তার সময়জুড়ে থমাস অটল প্রতিশ্রুতি ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং ক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।'

গত মৌসুমে অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পস্তেকগ্লুর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল টটেনহ্যাম। কিন্তু লিগে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান এই অজি কোচ। নতুন মৌসুম শুরুর আগে ব্রেন্টফোর্ডের ৫২ বছর বয়সী কোচ ফ্র্যাঙ্ককে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে নিয়োগ দেয় ক্লাবটি, কিন্তু মাত্র ৮ মাসেই তার মেয়াদকালের ইতি ঘটল। 

এমআই/এসএন

মন্তব্য করুন