শিরোপা জিততে আর্সেনালকে বার্গক্যাম্পের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
০৬:৫৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনালকে সতর্ক করলেন ক্লাব কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্প। তার মতে, গানারদের প্রতিদ্বন্দ্বীরা যথেষ্ট শক্তিশালী নন। তবে ‘ভুল না করার’ মানসিকতা যেন দলের খেলায় প্রভাব না ফেলে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
নাটকীয় এক সপ্তাহান্তের পর লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আছে মিকেল আর্তেতার দল। রোববার অ্যানফিল্ডে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে সিটি শেষ মুহূর্তের লড়াইয়ে জয় তুলে নেয়। সামনে এফএ কাপের চতুর্থ রাউন্ডের আগে মাঝ সপ্তাহে পূর্ণাঙ্গ লিগ সূচি থাকায়, আর্সেনাল ব্রেন্টফোর্ডের মাঠে নামার আগেই ব্যবধান কমে তিন পয়েন্টে নেমে আসার সম্ভাবনা আছে।
তবে সাবেক ডাচ ফরোয়ার্ড বার্গক্যাম্প মনে করেন, সিটি ও অ্যাস্টন ভিলার মতো দলগুলোর ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি নেই। সাম্প্রতিক ছন্দপতনের পর ভিলা ইতিমধ্যে নয় পয়েন্ট পিছিয়ে পড়েছে।
‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে বার্গক্যাম্প বলেন, ‘‘ঝুঁকিটা হলো, মানুষ গত কয়েক মৌসুমের কথা তুলতে শুরু করবে। খেলোয়াড়রা যদি সেটা মাথায় নেয়, কিংবা নিজেরাই এসব আলোচনা করে, তাহলে চাপ তৈরি হবে। আমি জানি আর্সেন (ভেঙ্গার) সব সময় বলতেন, ‘প্রতিটি ম্যাচই ফাইনাল—শুধু পরের ম্যাচে মনোযোগ দাও।’ এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, ‘আমি খুব বেশি চিন্তিত নই। আমার মনে হয় অন্য দলগুলো এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী নয়। সিটি হয়তো কাছাকাছি আসছে। তবে অন্য দলগুলোও পয়েন্ট হারাবে। বড় ম্যাচগুলো এখনও বাকি। কঠিন সময়টা সামনে। কারণ সব দলই চ্যাম্পিয়নস লিগে আছে এবং একাধিক প্রতিযোগিতায় লড়ছে।’
আর্সেনালের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ জেতা এবং ভেঙ্গারের ‘ইনভিনসিবলস’ দলের সদস্য বার্গক্যাম্প শিরোপা জয়ের মানসিকতা নিয়েও মন্তব্য করেছেন। তার মতে, মৌসুমের শুরুতে যে তীব্রতা ও উচ্ছ্বাস দেখা গিয়েছিল, এখন মাঝে মাঝে তা কিছুটা কমে গেছে।
তিনি বলেন, ‘‘মাঝেমধ্যে মনে হয় দলটা যেন ভাবছে, ‘ভুল না করি।’ কিন্তু ফুটবলে আপনি যদি শীর্ষে থাকতে চান, চ্যাম্পিয়ন হতে চান, তাহলে শুধু ভুল না করার মানসিকতার ওপর ভরসা করে চলা যাবে না।’’
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় শেষদিকে যতই ঘনীভূত হোক, বার্গক্যাম্পের বার্তা স্পষ্ট, আত্মবিশ্বাস হারিয়ে রক্ষণাত্মক মানসিকতায় ঢুকে পড়লে বিপদ। চ্যাম্পিয়ন হতে হলে চাপকে উপভোগ করে আগের মতোই আক্রমণাত্মক ও সাহসী ফুটবল খেলতে হবে আর্সেনালকে।
আইকে/টিএ